শজিমেক হাসপাতাল সূত্র জানায়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাজবাড়ি গ্রামের নন্দ কুমার (৬৮) রাজশাহী প্রেমতলি মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
এদিকে, বগুড়ার শেরপুরের খানপুর গ্রামের আবদুর রশিদের মধ্যে (৪২) করোনা উপসর্গ দেখা দেয়। তাকে গত ৫ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে একই হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা শনাক্ত হন। সোমবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
এছাড়া বগুড়ার নন্দীগ্রামের বেলঘড়িয়া গ্রামের আবদুর রাজ্জাক (৬৫) করোনা উপসর্গ নিয়ে গত ৯ আগস্ট বেলা ৩টা ২০ মিনিটে একই হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল পাওয়ার আগেই সোমবার সকালে তিনি মারা গেছেন।
সূত্রটি আরও জানায়, মরদেহ প্রস্তুতের পর দাফন ও সৎকারের জন্য স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২২ জন নারী ও তিন জন শিশুসহ নতুন করে ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময় চিকিৎসকসহ দু’জন মারা গেছেন এবং ৫৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন পাঁচ হাজার ৩০২ জন। এর মধ্যে মারা গেছেন ১১৯ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৯৮৬ জন।