নিখোঁজের দুই দিন পর নদী থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার






বগুড়াবগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের দুই দিন পর মো. আশিক (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ পাওয়া গেছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার লাশ ভেসে উঠে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ইজিবাইকটির সন্ধান মেলেনি।

পুলিশের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নিতেই যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। সারিয়াকান্দি থানা ওসি আল আমিন জানান, হত্যার মোটিভ ও হত্যাকারীকে শনাক্ত করা গেছে।
পুলিশ, নিহতের স্ত্রী মিনা বেগম ও স্বজনরা জানান, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মধ্যপাড়ার মৃত সালাউদ্দিনের ছেলে আশিক ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ফুলবাড়ি-সারিয়াকান্দি রুটে গাড়ি চালাতেন। শুক্রবার (২ অক্টোবর) বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজা করা হয়। তার সন্ধান না মিললে শনিবার সারিয়াকান্দি থানায় জিডি করে পরিবার। রবিবার সকালে ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার লাশ ভেসে ওঠে। পরিবারের সদস্যরা পরনে প্যান্ট ও কালো গেঞ্জি দেখে আশিকের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সারিয়াকান্দি থানা ওসি আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী ছিনতাইকারীরা ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যা করেছে। এরপর লাশ গুম করতে নদীতে নিক্ষেপ করে।

তিনি আরও জানান, এছাড়া পাওনা টাকা নিয়ে আশিকের বিরোধ ছিল। দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। ওসি আশা করেন, শিগগিরই এ হত্যা রহস্য উদঘাটন ও ঘাতকরা গ্রেফতার হবে।