রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার

 

রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে রয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাতজন ও জেলা পুলিশের দুইজন সদস্য।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নিজ নিজ দফতর থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, বুধবার গভীর রাতে পুলিশ লাইনের একজন বাবুর্চিসহ ৮ জন পুলিশ সদস্য রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন এমন খবর পায় বোয়ালিয়া থানা পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে।

জুয়া খেলায় অংশ নিয়েছিলেন বারেক, মিজান, আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম। এদের মধ্যে একজন ছাড়া সবাই পুলিশ সদস্য।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস বলেন, মোট ৯ জন গভীর রাতে বসে পিকনিক করছিলেন এবং জুয়া খেলছিল পুলিশ সদস্যরা। এরমধ্যে আরএমপির ছয়জন ছিল। আর জেলা পুলিশের তিনজন ছিল। আরএমপির মধ্যে এএসআই দুইজন ও কনস্টেবল পদের চারজন রয়েছে। তাদেরকে বৃহস্পতিবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে তাদের ডোপ টেস্টও করা হবে। এছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার (০৬ জানুয়ারি) কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাসপেন্ড করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, আরএমপির অভিযানে জেলার দুইজন কনস্টেবল ও একজন বাবুর্চিকে আটক করে আমাদেরকে খবর দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুইজন পুলিশ কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর আটককৃত জেলা পুলিশ লাইনের বাবুর্চি তিন বছর আগেই অবসরে চলে গেছেন।