নন্দীগ্রামে বজ্রাঘাতে কৃষি শ্রমিকের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বজ্রাঘাতে আবদুল হান্নান (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মে) দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামের মাঠে ধান কাটার সময় এ ঘটনা ঘটে। তার সঙ্গে থাকা অপর চার শ্রমিক অক্ষত রয়েছেন।

মৃত আবদুল হান্নান টাকুরাই গ্রামের পারেজ আলীর ছেলে।

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল বারী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় আবদুল হান্নানসহ পাঁচ জন শ্রমিক কৃষক জমসেদ আলীর জমিতে ধান কাটছিলেন। হঠাৎ বজ্রাপাত হলে আবদুল হান্নান ঘটনাস্থলেই মারা যান। তবে অপর চার কৃষি শ্রমিক অক্ষত রয়েছেন। শ্রমিক হান্নানের মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।