‘চরমপন্থী’ সদস্যকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’ দলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।

রবিবার (২৭ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বেলাল চরপাড়া পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলাল হোসেন পাবনা শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ি পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পাশের পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তিনি জানান, নিহত ব্যক্তি যেহেতু চরমপন্থী সর্বহারা দলের সদস্য ছিলেন, সে কারণে তাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।