সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবটি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ফলে নমুনা পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল দিতে শুরু করেছে পিসিআর মেশিন। দিনে ১০০ নমুনা পরীক্ষায় গড়ে ৮০টির ফলাফল পজিটিভ আসায় গত চার দিন ধরে এখানে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এতে এক হাজারেরও বেশি নমুনা জমেছে। এ অবস্থায় নতুন করে নমুনা সংগ্রহও বন্ধ করে দিয়েছে ল্যাব কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন ল্যাবটির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডা. শর্মিলী পাল।
এদিকে, ল্যাব কর্তৃপক্ষ পরীক্ষা বন্ধ রাখায় নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের রোগীরা। সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের একমাত্র পিসিআর ল্যাবটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন রোগীরা।
মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী জানান, কোরবানির ঈদের পর থেকে করোনার নমুনা পরীক্ষার চাপ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় ল্যাবে সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক রিডিং আসায় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ল্যাবের করোনার সংক্রমণ দূর করে ফের চালুর চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আগের নমুনাগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।