রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে কমিটির প্রধান করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গঠন করা এই কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে শিক্ষক পদ থেকে বহিষ্কারের জন্য আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত এই অনশন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে বুধবার রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের আরও কিছু শিক্ষার্থী তাদের সঙ্গে এই অনশনে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব ও ইয়াসিন বলেন, ‘আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে আমরণ অনশন করছি। তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার না করা পর্যন্ত এই অনশন চলবে।’
তারা জানান, অনশনরত অবস্থায় ইতোমধ্যে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন– সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হাবিব, জাহিদ, সিরাত ও জাকারিয়া। তাদের মধ্যে হাবিবকে ইতোমধ্যেই শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরও চিকিৎসা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বলেন, ‘এ ঘটনায় আমাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা চেষ্টা করবো তিন দিনের মধ্যেই এর প্রতিবেদন জমা দিতে। সেটা যদি সম্ভব না হলে চেষ্টা করবো যত দ্রুত সম্ভব প্রতিবেদনটি জমা দেওয়ার।’
তবে গোপনীয়তার কারণে তদন্ত কমিটিতে থাকা অন্য সদস্যদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাইছি এর সঠিক তদন্ত করে প্রতিবেদন দিতে। তাই তদন্তের স্বার্থে বাকিদের পরিচয় গোপন রাখা হচ্ছে।’ তদন্তে অভিযোগের সত্যতা মিললে কেমন ব্যবস্থা নেওয়া হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগটি গুরুতর। এমন ঘটনা মধ্যযুগে হতো। যদি মধ্যযুগীয় সেই ঘটনাই এখানে ঘটে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন-
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ