সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা অটোভ্যান থেকে নামিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এ ঘটনায় বিকালে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী অটোভ্যানযোগে স্কুলে আসার পথে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) এবং পলানের ছেলে নাজমুল হক (২০) তাকে বিভিন্ন গালিগালাজ করে। প্রতিবাদ করলে বখাটেরা ভ্যানের গতিরোধ করে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এ সময় ছাত্রীটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়।
এ বিষয়ে স্কুলছাত্রী বলে, ‘প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে রুবেল, নয়ন ও নাজমুল আমাকে উত্ত্যক্ত করে। আমি আজ (মঙ্গলবার) প্রতিবাদ করায় জুতা দিয়ে ও কিলঘুষি মেরে আমাকে আহত করে।’ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সে।
আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সুপারেন্টেন্ড (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করতো বখাটে রুবেল, নয়ন ও নাজমুল। কিন্তু আজ প্রতিবাদ করায় তাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘স্কুলছাত্রীর অভিভাবক ও শিক্ষকরা এসে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গেই বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’