পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবক সাব্বির রহমান (২২) মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাব্বির রহমান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের বাবুল আক্তারের ছেলে।
নিহতের চাচা আলমাছ হোসেন বলেন, গত ২৩ অক্টোবর রাতে খাওয়া শেষে নিজ ঘরে শুয়েছিলেন সাব্বির। রাত ১০টার দিকে অজ্ঞাতনামা একজনের ডাকে ঘরের বাইরে যান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় তার বাইরে বের হন। এরপর বাড়ির পাশে সাব্বিরকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা গেছেন। সাব্বিরের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি চাচা আলমাছের।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাজশাহী মেডিক্যালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।