পরীক্ষার্থীদের ভুল নির্দেশনা দেওয়ায় শিক্ষক বহিষ্কার

নাটোরে একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ভুল নির্দেশনা দেওয়ার অভিযোগে জয়নুল আবেদীন সেন্টু নামে এক শিক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (১৪ নভেম্বর) বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের উপকেন্দ্র বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। জয়নুল আবেদীন ওই বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, আজ সকাল ১০টায় বাগাতিপাড়া সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নে দেওয়া ছিল ৮টি বড় প্রশ্ন, যার মধ্যে উত্তর লিখতে হবে দুটির। আর ২৫টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ১২টির উত্তর দিতে হবে। কিন্তু হল সুপার সেই নির্দেশনা না জেনে ১৭০ পরীক্ষার্থীর সবাইকে ২৫টি উত্তরই লিখতে বলেন। পরীক্ষা শেষে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা ওই কেন্দ্রে ছুটে আসেন। তারা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ছুটে আসেন উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ও ইউএনও। যোগাযোগ করা হয় জেলা শিক্ষা কর্মকর্তা ও বোর্ডে। 

দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থী জানায়, পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শিক্ষকদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে, ওই শিক্ষক ভুল সিদ্ধান্ত দিয়েছেন। তখন তারা আবার কেন্দ্রে চলে আসেন। বিষয়টি নিয়ে পরবর্তীতে ইউএনও শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন।

জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন বলেন, বিষয়টি নিয়ে বোর্ডে কথা বলে সমাধান করা হয়। পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ও ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, শিক্ষা বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন যেহেতু ভুল হয়ে গেছে, তাই ওই শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবেন। ওই কেন্দ্রের শিক্ষার্থীরা যারা ২৫টি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিয়েছে, তাদের সবগুলোই দেখা হবে। তবে সর্বোচ্চ ১২ নম্বর পাবে তারা। ১৭০ পরীক্ষার্থীর রোল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত বোর্ডে পাঠানো হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে অভিযুক্ত শিক্ষককে আগামী পাঁচ বছরের জন্য পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।