সিরাজগঞ্জে হেরোইন বেচাকেনার দায়ে মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ রানা সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ পশ্চিমপাড়া মহল্লার মৃত হিরু শেখের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৪ এপ্রিল রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে পৌর এলাকার সয়াগোবিন্দ চিড়ার মিল এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ মাসুদ রানাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এসআই মনজুর কাদের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করেন। মামলায় আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক।