পাবনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর হাত-পা কেটে বিচ্ছিনের ঘটনায় স্বামী তেজেম মোল্লাকে (৪২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাকে নাটোর থেকে গ্রেফতার করা হয়।
তেজেম মোল্লা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামের মৃত বাজেদ প্রামাণিকের ছেলে। হত্যার পর নিহত হামিদা খাতুনের (৩৮) ভাই হামিদুল বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, অন্য এক নারীর সঙ্গে তেজেম মোল্লা প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে হামিদাকে কুপিয়ে হত্যা করেন তেজেম। এর পর এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বিকালে নাটোর থেকে সিআইডির একটি দল তেজেম মোল্লাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্বীকোরোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।