ঢাকা থেকে ভোট দিতে গিয়ে জানলেন ‌‘হয়ে গেছে’

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মনিরুল ইসলাম। ছুটি নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বড় মনোহারায় যান। রবিবার (২৮ নভেম্বর) সকালে ভোটকেন্দ্র মনোহারা দাখিল মাদ্রাসায় গিয়ে জানতে পারেন, তার ভোট দেওয়া হয়ে গেছে।

মনিরুল ইসলাম বলেন, ‘কর্মস্থল থেকে ছুটি নিয়ে ভোট দিতে বাড়িতে এসেছি। আজ সকালে কেন্দ্রে এসে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। এরপর বুথে ঢুকে শুনি, আমার ভোট হয়ে গেছে। এখন কী করবো জানি না।’

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলী আজাদ জানান, যেহেতু ভোটার তালিকা অস্পষ্ট, তাই অন্য কেউ পরিচয় দিয়ে ভোট দিয়ে যেতে পারে। অথবা তার ও বাবার নামের সঙ্গে নাম মিলে যাওয়ায় এই ঘটনা ঘটতে পারে। উনি (মনিরুল) নিজেও আগে একবার ভোট দিয়ে আবার আসতে পারেন। তবে যেহেতু ভোট হয়ে গিয়েছে তাই আর কিছু করার নেই। 

কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হারুনর রশীদ জানান, আসলে ভোটার তালিকায় যে ছবি আছে সেটা বোঝা যায় না। হয়তো এই সুযোগ নিয়ে অন্য কেউ তার ভোটটি দিয়ে গেছে। যেহেতু বাইরে থেকে টোকেন নিয়ে এসেছিল, তাই সঠিকভাবে যাচাই-বাছাই সম্ভব হয়নি।