জয়পুরহাটে ভোটকেন্দ্রে নারী ভোটার বেশি

জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে আসতে থাকেন। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

জেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটকেন্দ্রে ছুটে আসছেন নারী ভোটাররা। কেউ দলবেঁধে কেউ আবার সন্তান কোলে নিয়ে এসেছেন। 

ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট দিয়ে কেন্দ্র ছাড়ার সময় অনেকেই বলছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। কোনও বিপত্তির মুখে পড়তে হয়নি।

বেলা ১১টায় সদর উপজেলার ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। এই কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে পুরুষ ৯০ হাজার ৮২৯ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৬৬৮ জন। ৮৬টি কেন্দ্রের মধ্যে ৬৭টি গুরুত্বপূর্ণ এবং ১৯টি সাধারণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩৩ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।