নাটোরের ১১ ইউনিয়নের সাতটিতেই নৌকার প্রার্থীর পরাজয়

পঞ্চম ধাপে নাটোরের নলডাঙ্গা এবং গুরুদাসপুর উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে বেসরকারিভাবে ঘোষিত ফলে চেয়ারম্যান পদে মাত্র চারটিতে নৌকা এবং বাকি সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নলডাঙ্গা উপজেলার পাঁচ ইউনিয়নের দুটিতে নৌকা ও গুরুদাসপুর উপজেলার ছয় ইউনিয়নের দুইটিতে নৌকা প্রার্থীরা জয়লাভ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফল অনুযায়ী গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নে মো. আইয়ুব আলী (মোটরসাইকেল), বিয়াঘাটে মিজানুর রহমান সুজা (মোটরসাইকেল), খুবজীপুরে মো. মনিরুল ইসলাম দোলন (নৌকা), মশিন্দায় মো. আব্দুল বারী (ঘোড়া), ধারাবারিষায় আব্দুল মতিন (নৌকা) ও চাপিলা ইউনিয়নে মো. মাহাবুবুর রহমান (মোটরসাইকেল) জয়লাভ করেছেন।

অপরদিকে, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে আশরাফুজ্জামান মিঠু (আনারস), মাধনগরে আব্দুল জব্বার মৃধা (ঘোড়া), খাজুরায় সোহরাব হোসেন (নৌকা), বিপ্রবেলঘরিয়ায় শাজাহান আলী (চশমা) ও পিপরুলে কলিম উদ্দিন (নৌকা) নির্বাচিত হয়েছেন।