অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নতুন উদ্যোগ

সীমান্তে হত্যা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে বিজিবি। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য পাসপোর্ট-ভিসার স্থলে স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালুর প্রস্তাব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির সরকারকে দেওয়া হয়েছে।

 সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুরে শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এ কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল  ইসলাম। মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় মহড়া পরিদর্শন করেন তিনি।

 এ সময় শাফিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে তাদের অনেক আত্মীয় দুই পাড়েই বসবাস করেন। ফলে বিভিন্ন উৎসবে তাদের যাতায়াত আদিকাল থেকে। কিন্তু এখন সীমানা হয়েছে। পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এ জন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদি অনুমতিপত্র চালু করা যায়, তাহলে অবৈধ অনুপ্রবেশ রোধ অনেকাংশেই সম্ভব হবে।’

তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কবির, রংপুর অঞ্চলের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ, রাজশাহীর সেক্টর কমান্ডার আনোয়ার লতিফ প্রমুখ।