জয়পুরহাটে হেরোইন উদ্ধারের মামলায় মো. মিন্টু নামে এক পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এই রায় ঘোষণা করেন। মিন্টু জয়পুরহাট শহরের বুলুপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলা সূত্র জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর জয়পুরহাট জেলা পরিষদের ডাক বাংলোর সামনে প্যান্টের পকেটে হেরোইন রেখে বাসের জন্য অপেক্ষা করছিল মিন্টু। এ সময় পকেট থেকে চার পুটলি হেরোইনসহ তাকে গ্রেফতার করে র্যাব। এরপর তার বিরুদ্ধে মামলা হয়।
মামলার তদন্ত শেষে মিন্টুর বিরুদ্ধে ২০১১ সালের ৩০ নভেস্বর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু করেআদালত। দীর্ঘ শুনানি শেষে পর আজ তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।