পকেটমার সন্দেহে যুবককে জুতাপেটা করতে করতে থানায় নিলেন নারী

বগুড়ায় পকেটমার সন্দেহে যুবককে আটক করে রিকশায় তুলে জুতাপেটা করতে করতে থানায় নিয়েছেন এক আইনজীবী সহকারী। গতকাল বুধবার দুপুরে শহরের জজকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, বগুড়ার জজকোর্ট এলাকায় শাপলা বেগম নামে এক আইনজীবী সহকারীর ব্যাগ থেকে ১৫ দিন আগে দেড় হাজার টাকা চুরি হয়। তিনি এ জন্য এক যুবককে সন্দেহ করেন। বুধবার দুপুরে কোর্ট এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করেন।

এরপর তাকে মারপিট করে রিকশায় তোলেন ওই নারী। পরে তাকে জুতাপেটা করতে করতে থানায় নেন। এ অবস্থায় পুলিশ আহত যুবককে চিকিৎসা করিয়ে থানায় আনতে বললে ওই নারী চলে যান। এরপর ওই যুবককে থানা থেকে নিয়ে বের হলেও আর ফেরেননি।

ওই নারী অভিযোগ করেন, তিনি ওই পকেটমারের বিরুদ্ধে থানায় মামলা করতে চেয়েছেন। পুলিশ তার মামলা নেয়নি। তাকে হয়রানি করা হয়েছে।

সদর থানার ওসি সেলিম রেজা বলেন, আইনজীবী সহকারীর ব্যাগ থেকে ১৫ দিন আগে টাকা চুরি হয়েছিল। তিনি এতদিন পর সন্দেহমূলকভাবে অজ্ঞাত ওই যুবককে আটক করে বেধড়ক মারপিট করেন। তাকে রিকশায় তুলে জুতাপেটা করতে করতে থানায়
নিয়ে আসেন। এতে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এজাহার দিয়ে ওই যুবককে চিকিৎসা করিয়ে থানায় আনতে বলা হয়েছিল আইনজীবী সহকারীকে। এরপর ওই যুবককে চিকিৎসা দিতে নিয়ে গেলেও আর আসেননি। মামলা না নিয়ে থানায় হয়রানির অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, তাকে হয়রানির অভিযোগ মিথ্যা। আহত যুবককে চিকিৎসা দিয়ে পুনরায় থানায় আনলে মামলা নেওয়া হবে বলা হয়েছিল।