৩০ টাকার ভাড়ায় যাওয়াটাই কাল হলো হাসান আলীর

নওগাঁর মহাদেবপুরে ভ্যানচালক হাসান আলীকে (১৭) গলা কেটে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকায় মূল আসামি এখলাছ হোসেনকে (২১) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জেলার মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের মদন চকগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মহাদেবপুর উপজেলার সভাপুর পূর্ব পাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন হাসান আলী। সময়মতো হাসান আলী বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকাল ৬টার দিকে উপজেলার গোফা নগর শাবইল মোড়ের একটি ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসান আলীর বাবা আহাদ আলী মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, এখলাছ হোসেনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্বপরিকল্পিতভাবে চার্জার ভ্যান ছিনতাইয়ের উদ্দেশে সন্ধ্যা ৭টার দিকে কুঞ্জবন মোড় পেট্রোল পাম্পের সামনে স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়ায় খাজুর বাজারে যাওয়ার কথা বলে হাসান আলীর ভ্যান ভাড়া করে। পরে সেখান থেকে শাবইল মোড় পর্যন্ত দিয়ে আসতে বলে। শাবইল মোড়ে পৌঁছালে হাসান আলীর গলায় ছুরি ধরে ভ্যান থামাতে বলে। এ সময় হাসান আলী ভ্যান থামান। এখলাছের সহযোগীসহ ভ্যান থেকে নেমে পেছন থেকে হাসান আলীর গলায় ছুরি চালায়। এতে সে নিহত হয়।