ভারতে পাচারকালে ৫২ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

রাজশাহীর গোড়দাগাড়ীতে সাতটি স্বর্ণের বারসহ (৭০ ভরি) মুক্তার হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। দেশীয় মুদ্রায় স্বর্ণগুলোর মূল্য সাড়ে ৫২ লাখ টাকা।

বৃহস্প্রতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় গোদাগাড়ী পৌর এলাকার হাটপাড়া ডাকবাংলো খেয়াখাটের সামনে থেকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র একটি টহল দল। মুক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর বকচর এলাকায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, ৫৩ বিজিবি’র অধীনস্ত গোদাগাড়ী বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আইনুদ্দিনের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল ডাকবাংলো খেয়াখাটের সামনে অভিযান চালায়। এ সময় সাতটি স্বর্ণের বারসহ মুক্তারকে আটক করে। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো মুক্তার। স্বর্ণগুলো সরকারি কোষাগারে জমা করা হবে। এ বিষয়ে গোদাগাড়ি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান মোহাম্মদ সুরুজ মিয়া।