ছাত্রলীগ নেতাকে হত্যার দায়ে বন্ধুর যাবজ্জীবন

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক সংগ্রাম হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আলম প্রামাণিক (৪৪)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিহতের সঙ্গে একই গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে ঘোরাফেরা করতেন। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানে যান। দোকানের পাশে ক্যারম খেলা হচ্ছিল। সেখানে রাত ১২টা পর্যন্ত ক্যারম খেলা দেখেন। এ সময় আলম প্রামাণিক মোবাইল ফোনে কল করে তাকে ডেকে পার্শ্ববর্তী জহুরুল মেম্বারের পাটক্ষেতে নিয়ে গল্প করেন। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক গরু জবাই করার ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় দেওয়া হয়।