সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হোসেন আলী (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকার ভ্যানচালক আব্দুস সালামে বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করা হয়েছে। নিহতের পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, হোসেন আলী চালের ব্যবসা করতেন। কখনও ভ্যানও চালাতেন তিনি। সকালে আব্দুস সালামের ঘরে হোসেন আলীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্যে সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫), মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক।
হোসেন আলীর ছেলে মিলন মিয়া (২৭) অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে বাবার সঙ্গে সালামের ঝগড়া হয়। আমার বাবাকে চালের টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে সে খুন করেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত হিসেবে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।