সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে মসজিদের ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহতের মামলার প্রধান আসামি আকতার হোসেনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) ভোরে রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামে অভিযান চালিয়ে আকতারকে গ্রেফতার করেন র্যাব-১২-এর সদস্যরা। তিনি একই উপজেলার চক মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এই মামলায় আরও দুই জনকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা-পুলিশ। তারা হলো– চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চক মনোহরপুর জামে মসজিদের ইমামের বেতন তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন খোরশেদ আলম (৫৫)। পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শনিবার থানায় মামলা করা হয়। পাশাপাশি র্যাব-১২ বরাবর লিখিত অভিযোগ করা হয়। এরপর ধলজান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতের স্ত্রী মঞ্জুয়ারা ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই দিন দুপুরে ইউসুফ আলী নামে একজনকে গ্রেফতার করা হয় এবং শনিবার রাতে ওমর ফারুক শিশিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।