তেল মজুত করে বেশি দামে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আগের কেনা সয়াবিন তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার (১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় মজুত করা প্রায় দুই হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে—এমন অভিযোগে মুকুন্দগাঁতি বাজারে রায়হান স্টোরে অভিযান চালানো হয়। এ সময় প্রায় দুই হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে খোলা বাজারে বোতলকৃত সয়াবিন তেল বিক্রি করা হয়। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।