বগুড়ায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল আজহা রবিবার (১০ জুলাই)। বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল কাদের।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান জানান, আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদ ও সূত্রাপুর মারকাজ মসজিদে নামাজ আদায় করা হবে।

বগুড়া ইসলামী ফাউন্ডেশন সূত্র জানায়, রবিবার দেশের অন্যান্য স্থানের মতো বগুড়ায় ঈদুল আজহা উদযাপন করা হবে। নামাজ আদায়ে জেলার ১২টি উপজেলায় এক হাজার ৬৮৭ স্থানের ঈদগাহ মাঠ ও ময়দানে প্রস্তুতি চলছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮টি, শাজাহানপুরে ৪৬টি, শিবগঞ্জে ১৬২টি, গাবতলীতে ১৫৭টি, সোনাতলায় ১১৭টি, আদমদীঘিতে ২১০টি, দুপচাঁচিয়ায় ১০৪টি, কাহালুতে ১৪২টি, নন্দীগ্রামে ১৬২টি, শেরপুরে ১২১টি, সারিয়াকান্দিতে ১৫৮টি ও ধুনটে ২৬০টি জামাতের আয়োজন করা হচ্ছে।

মাওলানা আবদুল কাদের জানান, আবহাওয়া খারাপ থাকলে সকাল সাড়ে ৮টায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় বড় মসজিদ ও সূত্রাপুর মারকাজ মসজিদে নামাজ আদায় করা হবে। 

জামিল মাদ্রাসার মুফতি মাওলানা আবদুল হক আজাদ জানান, জামিল মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। এখানে ইমামতি করবেন শাইখুল হাদিস মাওলানা ইয়াকুব চাটগ্রামী।

এছাড়া শহরের সুলতানগঞ্জপাড়া ঈদগাহ্ মাঠ, কাটনারপাড়া ঈদগাহ্ মাঠ, উপশহর ঈদগাহ্ মাঠ, চকসুত্রাপুর ঈদগাহ্ মাঠ, করোনেশন ঈদগাহ্ মাঠ, সরকারি আজিজুল হক কলেজ মাঠ, আটাপাড়া ঈদগাহ্ মাঠ, নিশিন্দারা ঈদগাহ্ বিভিন্ন মাঠে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে আশপাশের মসজিদে নামাজের ব্যবস্থা করা হবে।