এলাকাবাসী জানান, ওই গ্রামের আবু বক্কর সিদ্দিক বুদার সঙ্গে একই গ্রামের আব্দুলের দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে নিহত আবু বক্কর গোবর সার ফেলতে যান। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী আরও জানান, খবর পেয়ে তার ভাই জহুরুল ইসলাম, স্ত্রী ওলেদা বেগম ও জুয়েল নামে একজন এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুদার মৃত্যুর খবর জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা ঘাতকদের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত বুদার আত্মীয়রা জানান, ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে বুদার সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমিতে চাষাবাদ করছিলো। এ নিয়ে গ্রামে কয়েকদফা শালিসও হয়েছে।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন জানান, গত ৪ ফেব্রুয়ারি উভয় পক্ষকে নিয়ে তিনি বৈঠক করেন। তাদেরকে শান্তিপূর্ণভাবে বিরোধ মিমাংশার আশ্বাস দিয়েছিলেন।
গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে বুদা নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মামলা হয়নি।
/এআর/