সিরাজগঞ্জের শাহজাদপুরে এলাকাবাসীর শতবর্ষী খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে ইউএনও-এসিল্যান্ডের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে।
রবিবার (২১ আগস্ট) রাতে সহকারী কমিশনার (ভূমি) অফিসের পেশকার আব্দুল হাই বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, রাতে পেশকার আব্দুল হাই বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম বলেন, ‘মামলার পর অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অযথা কেউ হয়রানির শিকার হবে না। ঘটনার ভিডিও ও ছবি দেখে প্রকৃত অভিযুক্তদেরই গ্রেফতার করা হবে। এছাড়া তারা রাস্তার ওপরে গাছের গুঁড়ি পুঁতে ও বাঁশ দিয়ে যে ব্যারিকেড তৈরি করেছিল, তা অপসারণ করা হয়েছে।’
আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি সরকারের রেকর্ডকৃত পতিত জমি জানিয়ে তিনি বলেন, ‘এর পাশেই একটি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে। কিন্তু যে জায়গাটিতে আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে সেটা সম্পূর্ণ সরকারি ও ১৯৮০ সালের সর্বশেষ রেকর্ড অনুযায়ী পতিত জমি।’
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা বলেন, ‘উপজেলা পর্যায়ে একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্ধারিত জায়গা ছাড়া ক্রীড়া সংস্থার অন্য কোনও মাঠ নেই, এটুকু বলা যায়। তবে সেটি সরকারি সম্পত্তি নাকি এলাকাবাসী বা কোনও প্রতিষ্ঠানের সেটা বলতে পারছি না। আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য অন্য কোনও সরকারি জায়গা থাকলে খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করাই ভালো।’
উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি খেলার মাঠে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকে কেন্দ্র করে রবিবার (২১ আগস্ট) প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ ছয় জন আহত হয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।