পাবনা সদর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে শ্রমিক লীগ নেতার ছেলেসহ চার জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলো— সদর উপজেলার টাটিপাড়া গ্রামের শ্রমিক লীগ নেতা খুদু খাঁর ছেলে সম্রাট খা (১৮), লিয়াকত সরদারের ছেলে সম্রাট (১৮), ভাউডাঙ্গা গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে রেজাউল প্রামাণিক (৪০) ও তারাবাড়িয়া গ্রামের মনছুর আলী (৩৫)।
স্থানীয়রা জানান, সম্রাট খাসহ ৩-৪ জন মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রথমে একজনকে এবং পরে তিন জনকে আটক করে দুবলিয়া ক্যাম্পের পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ভুক্তভোগীকে অচেতন অবস্থায় সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুবলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের নেতা খুদু খা বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। সে এ বিষয়ে কিছু জানে না।’
দুবলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে আটককৃতদের ফাঁড়িতে আনা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত স্কুলছাত্রী জ্ঞান ফেরেনি। সুস্থ হলে তার জবানবন্দি নেওয়া হবে। পরে সে অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।’