স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,বর্তমানে দেশে এক লাখ ৭৫ হাজার পুলিশ রয়েছে। আগামী পাঁচ বছরে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে ১৪ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দু’একজন পুলিশ দুষ্কর্ম করতেই পারে। কিন্তু কথা হচ্ছে দুষ্কর্ম করলে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেটাই বিবেচ্য বিষয়। দুষ্কর্ম করলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হচ্ছে। সে পুলিশ হোক,র্যাব হোক,বিজিবি হোক অথবা কোন নেতা হোক। কার কি পরিচয় আমরা সেটা দেখি না। আমরা দেখি যেই দুষ্কর্ম করবে তাকে শাস্তি পেতেই হবে।
জেলা প্রশাসক মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলার সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহম্মেদ খান,রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার,জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী,অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব নন্দলাল পার্শী।
জয়পুরহাট জেলায়বিগত বছরগুলো থেকে অপরাধ কমে আসায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। সারা দেশে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য গত জানুয়ারিতে সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর কথা উল্লেখ করে তিনি বলেন,মাদক নির্মূল করার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে। পুলিশ বিজিবি র্যাব মিলে ভাল কাজ করছে। এজন্য পুলিশের জনবল ও বিজিবির সক্ষমতাও বাড়ানো হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনও বেড়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে।
আইনশৃঙ্খলার ওই সভা শেষে তিনি জয়পুরহাট পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিকেলে মন্ত্রী আক্কেলপুর উপজেলার নবনির্মিত ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন শেষে আক্কেলপুর মুজিবর রহমান ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
/এসি/এমএসএম/আপ-এআর/