অবৈধ পিস্তল ও গুলি রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র্যাব-১২। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। পরে এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়।
মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।