রাজশাহী কলেজের ছাত্রাবাসে ছাত্রদের নির্যাতনের ঘটনায় রাজশাহী মহানগর ও কলেজ শাখা ছাত্রলীগের চার নেতাকে ছয় মাসের জন্য সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক শাহরুখ আলম, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক কাওসার আজম, কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রাজু আহমেদ ও ওয়ালিউর রহমানকে ছাত্রলীগের মহানগর শাখার সব সাংগঠনিক কার্যক্রম থেকে আগামী ছয় মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।’
গত বুধবার রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে ছাত্রদের জোর করে দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়াকে কেন্দ্র তাদের মারধর করার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বহিরাগত দুই ছাত্রের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশের কথা জানান কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ বলেন, ‘সোমবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’