পদ্মায় গোসলে নেমে নিখোঁজ ২ কলেজছাত্রের লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জুন) রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উদ্ধার হওয়া কলেজছাত্রদের নাম গোলাম সারোয়ার ওরফে সায়েম (১৭) ও রিফাত খন্দকার (১৭)। সায়েম রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে ও রিফাত নগরীর দরগাপাড়া এলাকার গাজী মঈন উদ্দিনের ছেলে। 

লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন সায়েম ও রিফাত। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে সায়েমের লাশ পাওয়া গেছে। আর একই এলাকা থেকে রিফাতের লাশ বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার রেজা বলেন, নিখোঁজ দুইজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। শনিবার (১০ জুন) সকালে সাত থেকে আট বন্ধু পদ্মার চরে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে তারা নদীতে গোসলে নামে। এ সময় সায়েম ও রিফাত নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।