রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ভোটার। বুধবার (২১ জুন) সকালে এই কেন্দ্রে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভোট দিয়েছেন তিনি। কেন্দ্রটিতে এবার নির্বাচনে ভোট পড়েছে মাত্র ২৪ শতাংশ।
আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করে জানান, কেন্দ্রে মোট ভোটার এক হাজার ৬২৮ জন। এর মধ্যে ২৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৪৩১টি।
জানা গেছে, রাজশাহী নগরীর একটি অভিজাত এলাকা উপশহর। আর এই এলাকার বাসিন্দাদের ভোট দেওয়ায় আগ্রহ কম। তাছাড়া অনেকেই চাকরির সুবাদে শহরের বাইরে থাকেন। এ কারণে এখানে ভোট পড়ার হার কম বলে অনেকেই মনে করছেন।
সকাল ৯টার পর এই কেন্দ্রে গিয়ে ভোট দেন মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখন এক ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৩৫টি। ভোট পড়ার হার কম হওয়ার বিষয়ে জানতে চাইলে সকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেছিলেন, একেক এলাকার মানুষের অভ্যাস একেকরকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও ভোটার বাড়বে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলও এই কেন্দ্রের ভোটার। বিএনপি এবার নির্বাচন বর্জন করায় তিনি ভোট দিতে যাননি।