নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘যারা নির্বাচনে আসতে চাইছে না তাদের আনতে আমরা বারবার চেষ্টা করছি। আমরা এখনও আশাবাদী তারা নির্বাচনে আসবে। যদি আসে তাহলে অবশ্যই এটি বিবেচনায় নেওয়া হবে। তবে নির্বাচনের মেয়াদকাল সংবিধানে যেভাবে রয়েছে সেই সময়ের মধ্যেই আসতে হবে।’
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে রাজশাহী বিভাগের চার জেলার কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে
সব রকম পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাই, যতগুলো রাজনৈতিক সংগঠনের নিবন্ধন আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এটা আমাদের ঐকান্তিক চাওয়া।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সংবিধান মেনে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিবন্ধিত ৩০টি দল অংশগ্রহণ করছে। আমরা সব সময় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো।’
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক আনিসুর রহমান। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।
এ ছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।