নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখালে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ মানুষের সাংবিধানিক অধিকার। তাই ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হতো। সেখানে শাস্তির বিধান ছিল না। এখন ভোটারদের কোনও রকম ভয়ভীতি দেখালে শাস্তির বিধান করেছে নির্বাচন কমিশন।’
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভোটারদের রাতের আঁধারে ভয়ভীতি দেখালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠপর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে আন্তরিক। ভোটারদের কেউ ভয়ভীতি দেখালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। আগামীতেও নির্বাচনের পরিবেশ ভালো থাকবে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারবেন বলে আশা করছি।’
নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, প্রিসাইডিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।