সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল গোলচত্বরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাসের চালক।
সোমবার (১৯ আগস্ট) ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তার স্ত্রী ময়না খাতুন (৬০), তাদের ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
তিনি বলেন, ‘হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক।’
পুলিশ জানায়, মরদেহগুলো সলঙ্গা থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।