বগুড়ার শাজাহানপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

বগুড়ার শাজাহানপুরের রানীরহাট স্ট্যান্ডে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি আগুনে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রানীরহাট স্ট্যান্ডের পশ্চিম পাশে পুটু মিয়ার মুরগির দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও ৪টি দোকানে ছড়িয়ে পড়লে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে পুটু মিয়ার দেড় লাখ, আব্দুস সামাদের ৫০ হাজার, আব্দুস সালামের ৪ লাখ, বিউটি বেগমের ৫০ হাজার এবং জাহাঙ্গীর হোসেনের ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে ভুক্তভোগীদের দাবি।

এ বিষয়ে আশেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক আলী আকন্দ বলেন, ভুক্তভোগীদের একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময় তিনি সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানান।

 

/এসএনএইচ/টিএন/