দুই বগি ফেলে খুলনায় চলে গেলো সাগরদাঁড়ি এক্সপ্রেস

চলন্ত অবস্থায় দুই বগি ফেলে চলে গেলো সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় বগি দুটি খুলে যায় মূল ট্রেন থেকে। এর পরে গড়িয়ে গড়িয়ে চলে যায় বেলপুকুর পর্যন্ত। তবে ওই বগিগুলোতে কোনও যাত্রী ছিল না।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে সকাল ৮ টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ানী স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

তিতুমীর এক্সপ্রেসের যাত্রী আরমান আলী বলেন, ‘এক ঘণ্টার বেশি সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেন হরিয়ানা স্টেশনে থেমে আছে। রাজশাহী স্টেশন থেকে সকালে প্রায় ১৫ মিনিট বিলম্বে ছেড়েছে। আস্তে আস্তে আসছিল। হরিয়ানা স্টেশনে আসার পরে একদম থেমে গেছে।’

রবিন নামের আরেক যাত্রী বলেন, ‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনকে হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলে গেছে। আমাদের তো কাজ আছে জয়পুরহাটে। সেখানে কোচিংয়ে ক্লাস নিতে হবে সকাল ১০টায়। নির্ধারিত সময়ের মধ্যে না যেতে পারলে শিক্ষার্থীরা বসে থাকবে। এটা তো তাদের জন্য বিরক্তিকর।’

এ বিষয়ে হরিয়ানা স্টেশনের স্টেশনমাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘বগিগুলো খালি ছিল। তাতে কোনও যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’