দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা ও শিবগঞ্জ উপজেলার ১৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭১টি কেন্দ্রের মধ্যে ১৪০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানান, বিজিবি ও র্যাব সদস্যদের টহলের পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ২০০ জন পুলিশ এবং ২ হাজার ৭০০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভিতরে ৫জন সশস্ত্র পুলিশ ও বাহিরে ৭ জন সশস্ত্র পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। আর পুলিশকে সহযোগিতা করতে ১৬ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, ওই দুটি উপজেলায় মোট তিন লাখ ৭৯ হাজার ৭৯ জন ভোটার ভোট দিবেন। ১৮ ইউনিয়নে বিভিন্ন পদে ৯৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৬ জন, ১৬২ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৬৮ জন এবং ৫৪ সংরক্ষিত সদস্য পদে ২২৮ জন।
সোনাতলা নির্বাচন অফিস সূত্র জানান, ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন দল ও স্বতন্ত্র ২৯ জন, ৬৫ সাধারণ সদস্য পদে ২২১ জন এবং ১৮ সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব জানান, ৬টি ইউনিয়নের ৫৬ কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন জানান, ১২টি ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে ৫৭ জন, ১০৮টি সাধারণ সদস্য পদে ৪৪৭ জন এবং ৩৬টি সংরক্ষিত সদস্য পদে ১৪৬ জন প্রার্থী। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, ১২ ইউনিয়নে মোট ১১৫টি কেন্দ্রের মধ্যে ৯১টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/এইচকে/