দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা সেই দিনমজুরকে সংবর্ধনা-পুরস্কার

ভাঙা রেললাইন দেখে কলার মোচার লাল অংশ লাঠির সঙ্গে বেঁধে ট্রেন থামিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন দিনমজুর এনামুল হক। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে রেল মন্ত্রণালয় সম্মাননা দেওয়ার নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলওয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ কৃষক এনামুল হকের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া তাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

কলার মোচা দেখিয়ে ট্রেন থামালেন দিনমজুর

সোমবার সকাল সাড়ে ৬টার দিনাজপুরের বিরামপুর উপজেলায় সকালে বাড়ির সামনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন দিনমজুর এনামুল হক (৬২)। সামনে এগোতেই চোখে পড়ে রেললাইনের প্রায় এক হাত অংশ ভাঙা। বিষয়টি নিকটবর্তী রেলস্টেশনে জানাতে গ্রামের এক যুবককে কল দেন। তখন দেড় কিলোমিটার দূরে ট্রেনের হুইসেল বাজছিল। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তিনি আশপাশে খুঁজতে থাকেন লাল রঙের কাপড়।

লাল কাপড় না পেয়ে দৌড়ে রেললাইনের পাশের কলাক্ষেতে যান এনামুল। তড়িঘড়ি করে কলাগাছ থেকে কলার মোচা ছেঁড়েন। এরপর মোচা থেকে লাল রঙের বড় খোসা খুলে লাঠির মাথায় দড়ি দিয়ে বাঁধেন। এটি লাল নিশানের মতো উঁচিতে রেললাইনের পাশে দাঁড়ান। পাঁচ মিনিট পর সামনে দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাল নিশান দেখে থেমে যায়। এনামুল হকের এমন বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। তাকে সাধুবাদ জানাতে হাততালি দেন ট্রেনের যাত্রীরা।