ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের জন্য রাখা তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, ওয়াশিং কার্যক্রম শেষ হওয়ার পর আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি শান্টিং লাইনে রাখা হয়েছিল। ওই সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনটির ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
অগ্নিকাণ্ডে বগিটির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, পাশের ‘জ’ বগির আসনে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালিয়ে রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লায়। পরে তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
এ ঘটনার কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।