পাবনার আতাইকুলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আতাইকুলা এলাকার সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়ার গোলাববাগ এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ (২৮)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেয়। সকাল ৮টার দিকে আতাইকুলার সড়াডাঙ্গী আলিম মডেল মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা শিশু কেয়া খাতুনের নানি বুলু খাতুন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্স ও বাসের আরও কয়েকজন যাত্রী। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’