মাছ বিক্রির পর বাড়ি ফিরছিলেন, পথে একসঙ্গে ৪ জনের মৃত্যু

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে চালকসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাঁচাশি গ্রামের ফেরদৌস ইসলামের ছেলে তরিকুল ইসলাম রিয়াদ (২৩), একই এলাকার মৃত আমিন খানের ছেলে পিকআপচালক নাসির উদ্দিন (২৪), ময়মনসিংহ সদরের রাঘবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০) এবং একই এলাকার চিত্তরঞ্জন দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২৩)।

স্বজনরা জানান, ময়মনসিংহ থেকে তিন ব্যবসায়ী পিকআপে মাছের পোনা নিয়ে বিক্রির জন্য বগুড়ার আদমদীঘিতে আসেন। মাছ বিক্রির পর শনিবার সকালে তারা বাড়ির দিকে বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে পিকআপটি কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও তিন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বগুড়া-নওগাঁ সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং কাহালু থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে। তারা সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাহালু থানার এসআই ব্রজের মাহাতো বলেন, ‌‘নিহত চার জনের মধ্যে তিন জন ব্যবসায়ী ও একজন পিকআপচালক। দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়মনসিংহে খবর দেওয়া হয়েছে, স্বজনরা এলে লাশগুলো হস্তান্তর করা হবে।’ 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে।’