দেশে এখন অপরাধের পরিমাণ কম, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বর্তমানে অপরাধের পরিমাণ তুলনামূলক কম এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গতকাল উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনও বিস্ফোরক ছিল না। সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তা কোনোভাবেই বিপজ্জনক নয়।

রবিবার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচ প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গতকাল যেসব পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনও বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত জননিরাপত্তার স্বার্থে কোথাও কোনও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা মেনে সেগুলো পরীক্ষা করে থাকে।

তিনি বলেন, এর আগে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে আলাদাভাবে তদন্ত চলছে। এই ঘটনাগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বাহিনী।

গত পাঁচ-ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান টেনে  সালাহউদ্দিন আহমদ বলেন, আনুপাতিক হারে ও তুলনামূলক বিচারে দেশে বর্তমানে অপরাধ বা নাশকতার পরিমাণ অনেকটাই কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। নাশকতার যেকোনও পরিকল্পনা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ হিসেবে মন্ত্রী জানান, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী-যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, চলতি আগস্ট মাসে তাদের কিছু রাজনৈতিক কার্যক্রম ও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণেই মূলত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।