সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের মৃত্যুর কথা জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। 

রবিবার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চার জন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন বলেও জানায় উপজেলা প্রশাসন।

ইউএনও বলেন, ‌‘উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন জেলার ওসব শ্রমিক। আজ রাতে সাত জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। এর মধ্যে গন্ডগোহালী গ্রামের চার জন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সাত জনের মৃত্যুর কথা শুনছি আমরা। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করছে উপজেলা প্রশাসন।’