এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বাতিল করা হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। সোমবার (১০ আগস্ট) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

এনটিআরসি থেকে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থী।

রাত ৮টার দিকে জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ হয়। এ সময় তারা ‘শিক্ষাঙ্গন দলীয়করণ, মানবো না মানি না; সারা বাংলায় খবর দে, কমিটি প্রথার কবর দে; বাণিজ্য না মেধা, মেধা মেধা; চাচা না মেধা, মেধা মেধা; এনটিআরসি নাকি কমিটি, এনটিআরসি এনটিআরসি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘এহছানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়েছে যে এনটিআরসির মাধ্যমে আর শিক্ষকদের নিয়োগ করা হবে না, করা হবে সেই স্কুল কলেজের গভর্নিং কমিটি দিয়ে। পূর্বের মতো দুর্নীতি, স্বজনপ্রীতির আবার নতুন করে চালু করার যে পাঁয়তারা শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন করতেছেন, তা ২৪ পরবর্তীতে ছাত্রসমাজ মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। তা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা আন্দোলন করতে বাধ্য হবে। এরপরও যদি সরকারের টনক না নড়ে এবং শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়, তাহলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। এখনও সময় আছে, আপনাদের বলছি, আপনারা জুলাই থেকে শিক্ষা গ্রহণ করুন।’

সমাবেশে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থেকে বাংলাদেশের মানুষের মনোযোগ সরিয়ে ছাত্রসমাজকে আন্দোলনের মুখোমুখি করার জন্য আপনারা শিক্ষা ব্যবস্থা নামের একটি সুন্দর এনটিআরসিএর পরিবর্তে কমিটির হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাচ্ছেন। আমরা বলতে চাই, অতীতে আপনারা কীভাবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন, তা আমরা দেখেছি। এই কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হলে বাংলাদেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আমরা জানি, কমিটির মাধ্যমে কীভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমান শিক্ষামন্ত্রী একজন অযোগ্য মন্ত্রী। তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নয়তো এদেশের ছাত্রসমাজ তাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করবে।’