পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রাশিয়ার এক নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের ভবন এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ওই রুশ নাগরিকের নাম দোরোখিন সের্গেই (৫১)। তিনি রূপপুর প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত ‘এটোম টেক এনার্গো’ নামের একটি রাশিয়ান প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্প থেকে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে কাজে যোগ দেন দোরোখিন সের্গেই। তবে হঠাৎ কার্যালয়ের ভেতরে অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টার দিকে ৫.৭ ভবনের অভ্যন্তরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সের্গেই। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘সের্গেই প্রথমে অসুস্থতা অনুভব করলে প্রকল্পের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে যেতে অনাগ্রহ প্রকাশ করেন। এরপর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।’