বগুড়ায় শাপলা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকালে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
বিকালে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী। তিনি বলেন, ‘৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়েছে।’
শাপলা বেগম বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাসচালক মো. আশিকের স্ত্রী। জুলাই আন্দোলনে বগুড়ায় প্রথম শহীদ সিয়াম শুভর পালিত মা তিনি।
পুলিশের দাবি, শাপলা বেগম ‘মাদক ব্যবসায়ী’। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৬টি মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতার হয়ে বেশ কয়েকবার কারাভোগ করেছেন।
মাদক কেনাবেচার খবর পেয়ে সোমবার সকালে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকা থেকে শাপলা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ছাড়া গত বছরের ১৪ আগস্ট রাতে শাজাহানপুর থানায় একটি চুরির মামলার আসামি রনিকে গ্রেফতারের জন্য চকসুত্রাপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। রনিকে গ্রেফতারের সময় শাপলা বেগম ও তার স্বামী আশিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠি, রড এবং বঁটিসহ দেশীয় অস্ত্র নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ সময় পুলিশ শাপলা বেগমকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পেয়েছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাপলা বেগম মাদক ব্যবসায়ী। তার মাদক বিক্রির কারণে অতিষ্ঠ এলাকার লোকজন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’