মাজার এলাকা থেকে চুরি হওয়া শিশু ধুনটে উদ্ধার, মাদকাসক্তকে কারাদণ্ড

bograবগুড়ার মহাস্থান মাজার এলাকা থেকে চুরি হওয়া তিন মাস বয়সী রকিব হাসান নামে এক শিশুকে ধুনট উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ধুনট উপজেলার ছোট চিকাশী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় বিটল মিয়া (২৫) নামে এক মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদকাসক্ত শিশু চুরির কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড দেন।
জানা যায়, বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাজার এলাকায় দিনমজুর দেলোয়ার হোসেন ও তার স্ত্রী সালেহা বেগম বাস করতেন। দাম্পত্য কলহে দেলোয়ার হোসেন অন্তঃসত্ত্বা সালেহাকে রেখে নিরুদ্দেশ হন। এরপর থেকে সালেহা মাজার এলাকায় ভিক্ষা করতেন। গত তিন মাস আগে তিনি রকিব হাসানকে জন্ম দেন। এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ফকিরপাড়ার জাহিদুল ইসলামের ছেলে ভবঘুরে মাদকাসক্ত বিটল মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কের জের ধরে সে সালেহার ঘরে যাতায়াত করতো। গত ১৪ এপ্রিল সকাল ৯টার দিকে বিটল কৌশলে শিশু রকিবকে নিয়ে পালিয়ে যায়। ধুনটের ছোট চিকাশী গ্রামের তাহেরুল ইসলামের কাছে শিশুটিকে ৩০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেয়। শুক্রবার সকালে শিশু বিক্রির বিষয়টি জানতে পেরে জনগণ তাকে আটক করে ধুনট থানায় খবর দেয়। পরে পুলিশ শিশু রকিবকে উদ্ধার করে বিটল মিয়াকে গ্রেফতার করে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে তিনমাসের কারাদণ্ড দেন আদালত।
বিটল মিয়া সাংবাদিকদের বলেন, নেশার টাকার জোগার করতেই সে শিশুটিকে চুরি করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদক সেবন ও শিশু চুরির দায়ে আদালত বিটল মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়ায় তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/