বগুড়ার নন্দীগ্রামে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে (৩০) দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বগুড়া জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ তার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রবিউল ইসলামকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্তে রবিউল ইসলামকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া কোম্পানি সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপনে খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। সেখানে যাত্রী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যাগে তল্লাশি করে এক হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।